Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবারসহ তারিক আহমেদের ২৪ বিঘা জমি-ফ্ল্যাট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৮:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্ত্রী-সন্তানসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের ২৪ দশমিক ৮০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচটি প্লট ও পাঁচটি ফ্ল্যাট জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে- বারিধারার ডিওএইচএসের সাততলা দালান বাড়ি, একই এলাকার সাততলা ভবনের পঞ্চম থেকে সপ্তম তলার তিনটি ফ্ল্যাট, ৩৬০০ বর্গফুটের চারটি কার স্পেসসহ দুটি ফ্ল্যাট, পূর্বাচল নতুন শহরে ২০ কাঠা জমির চারটি প্লট ও বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্লট। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ২৪ দশমিক ৮০ বিঘা জমি। তারিক আহমেদ, তার স্ত্রী শাহীন সিদ্দিক ও তাদের সন্তান নুরিন সিদ্দিকের নামে এসব সম্পত্তি রয়েছে।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক ও তাদের সন্তান নুরিন সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। তারা এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এসব স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এসআর