Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিনা অভিযোগে’ আইনজীবীকে আটক, প্রতিবাদে এসপি অফিস ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ০১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: ‘বিনা অভিযোগে’ এক আইনজীবীকে আটকের প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় আইনজীবীরা। এ সময়ে ডিসি মোড় থেকে সার্কিট হাউজ রোড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৩ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডিমলা উপজেলার বালাপাড়া এলাকার বাসিন্দা ও আইনজীবী আসাদুজ্জামান আসাদকে এদিন সন্ধ্যায় নিজ এলাকা থেকে আটক করে ডিমলা থানা পুলিশ। আইনজীবী সমিতির নেতাদের অভিযোগ, তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। আটকের বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। সেজন্য আসাদুজ্জামান আসাদকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আইনজীবী নেতারা।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ আইনজীবীরা আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় ডিসি মোড় থেকে সার্কিট হাউজ রোড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রোগীবাহী যান, পথচারী ও পরিবহণ শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ যানজটে দেখা দেয় অচলাবস্থা। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে প্রশাসন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আইনজীবীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে নীলফামারীর পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান বলেন, ‘বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুতই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম