Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিছানায় মায়ের গলাকাটা মরদেহ, স্ত্রীসহ ছেলে লাপাত্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ২১:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিজ বসতঘর থেকে গলা কেটে খুন হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর তার এক ছেলে ও দুই পুত্রবধূ পালিয়ে গেছেন। পুলিশের ধারণা, তারা ওই নারীকে খুন করেছে।

শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ তথ্য পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত রেহেনা বেগম (৬২) বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অভ্যারখীল গ্রামের মৃত মো. মোজাফফরের স্ত্রী।

পুলিশ জানায়, রেহেনা তার দুই ছেলে ও দুই পুত্রবধূ নিয়ে থাকতেন। বৃহস্পতিবার রাতে রেহেনা, তার ছোট ছেলে কাশেম ও তার স্ত্রী নারগিস আক্তার এবং কাশেমের বড় ভাইয়ের স্ত্রী রুমি আক্তার ঘরে ছিলেন। বড় ছেলে ছিলেন না।

বিজ্ঞাপন

শুক্রবার ভোর ৬টায় কাশেম একই গ্রামে তার নানার বাড়িতে গিয়ে জানায়, তার মা মারা গেছেন। এ খবর পেয়ে রেহেনার ভাতিজা এমরান তাদের ঘরে আসেন। তিনি রেহেনাকে বসতঘরের শয়নকক্ষের বিছানায় গলা কাটা রক্তাক্ত অবস্থায় দেখে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কাশেম ও তার স্ত্রী এবং তার ভাবীকে জিজ্ঞাসাবাদ করে। তারা রেহেনা মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন বলে পুলিশকে তথ্য দেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ভিকটিমের ছেলে ও দুই পুত্রবধূ দাবি করেছেন, রেহেনা আত্মহত্যা করেছেন। কিন্তু আমরা বাড়ির রান্নাঘরের কোণায় মাটিচাপা দেওয়া ভিকটিমের পরিহিত রক্তাক্ত কাপড় ও বিছানার পাটি উদ্ধার করেছি। আমাদের টিম যখন মরদেহ উদ্ধার ও সুরতহাল করছিল, তখন সুযোগ বুঝে তিনজন কৌশলে পালিয়ে যায়। আমাদের ধারণা, তারাই রেহেনাকে রাতে গলাকেটে খুন করেছে।’

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/এসআর