Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা এখন অর্থহীন: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৫ ১১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে যেকোনো আলোচনা এখন অর্থহীন বলে মন্তব্য করেছে ইরান।

শুক্রবার (১৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসামাইল বাঘাই তাসনিম সংবাদ সংস্থাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র এমনভাবে আচরণ করেছে, যা সংলাপকে অর্থহীন করে তোলে। আপনি একদিকে আলোচনার দাবি করবেন, আর অন্যদিকে ইসরায়েলকে ইরানের ভূখণ্ডে হামলার সুযোগ করে দেবেন এটা একসঙ্গে হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘জায়নিস্ট শাসন (ইসরায়েল) এই হামলার মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছে, এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এই হামলা সম্ভব হতো না।’

বিজ্ঞাপন

এর আগেও ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে। যদিও ওয়াশিংটন এই অভিযোগ অস্বীকার করে এবং তেহরানকে জানিয়ে দেয়, তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া।

চলমান উত্তেজনার মধ্যেই রোববার (১৫ জুন) ওমানের মাসকটে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার ষষ্ঠ দফা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে ইসরায়েলের হামলার পর এই আলোচনা হবে কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে জানিয়েছেন, তার প্রশাসন আগে থেকেই ইসরায়েলের হামলার ব্যাপারে জানত। তবে তারপরও তারা বিশ্বাস করে, একটি চুক্তির সুযোগ এখনো রয়েছে।

সারাবাংলা/এনজে