Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ৩ হাজার ৬৮৮ কোটি টাকার প্রকল্প বাজেট

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মকছুদ জাহেদী বলেছেন, সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ৩ হাজার ৬৮৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতো বড় প্রকল্প বাংলাদেশের অন্যান্য জায়গায় তেমন নেই। এই টাকা দিয়ে রাস্তা, ব্রিজ,কালভার্টের উন্নয়ন করা হবে।

শুক্রবার (১৩ জুন) সাতক্ষীরার কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাভী পালনের নিবিড় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, ‘এরইমধ্যে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তেমনি সাতক্ষীরা জেলাকেও আদর্শ জেলা হিসেবে গড়ে তোলা হবে।’

বিজ্ঞাপন

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আকবর হোসেন, সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম নিবন্ধক) তোফায়েল আহম্মদ, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, জেলা সমবায় অফিসার এফএম সেলিম আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে গাভী পালনের বিষয়ে উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস জানান, উপজেলার কুশোডাঙ্গা ও পারিকুপি গ্রামের দুটি দুগ্ধ সমিতির অধীনে ৫০ জন করে মোট ১০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যককে প্রথম পর্যায়ে গরু কেনার জন্য এক লাখ ৬০ হাজার টাকা ও খাদ্য কেনার জন্য ৪০ হাজার টাকাসহ মোট ২ লাখ টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ