রংপুর: রংপুর সিটি করপোরেশনের (রসিক) অবকাঠামো উন্নয়নে মোট ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দু’টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে নগরের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার প্রকল্প অনুমোদিত হয়।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন পায়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, দু’টি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।
রংপুর সিটি করপোরেশনের প্রধান প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা এবং রংপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা। এ ছাড়া ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার প্রকল্পটি নগরের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রংপুরের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই আন্তরিক। তিনি চলতি অর্থবছরে রংপুরের উন্নয়নে মোট ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। এ জন্য রংপুরবাসী গর্বিত। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘এই দু’টি প্রকল্প রংপুর নগরের সড়ক যোগাযোগ উন্নত করতে এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
রংপুরবাসী দীর্ঘদিন ধরে নগরের সড়ক, ড্রেন ও অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। এর আগে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার এই উন্নয়ন প্রকল্প পরিকল্পনা কমিশনে ফাইলবন্দি অবস্থায় পড়ে ছিল। এখন একনেকের অনুমোদনের ফলে প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হলে রংপুর নগরী আধুনিক ও পরিবেশবান্ধব মহানগরীতে রূপান্তরিত হবে।