Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মা সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৩:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।

শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে সেতুর মাওয়া প্রান্তের দুই নাম্বার পিলারের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সেতুর দুই নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের অন্তত ১২ যাত্রী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ।

বিজ্ঞাপন

এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিরা সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ