Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৪:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকার যখনই চাইবে তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৪ জুন) দুপুরে উত্তরায় র‌্যাব-১ এর সদরদফতর পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশের নাগরিক ভারতে থাকে তারা নিয়মতান্ত্রিকভাবে দেশে আসবেন। বিভিন্ন লেকে বা জঙ্গলে ফেলে রাখার মতো অমানবিক কর্মকাণ্ড ঠিক নয়।

বাংলাদেশেও যেসব নাগরিক অবৈধভাবে বসবাস করছেন, তাদেরকেও নিয়মতান্ত্রিকভাবে ভারতে ফেরত পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির উদাহরণ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঈদে সবকিছু ভালোমতো হয়েছে। দুই একটা চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে বড় কোনো সমস্যা হয়নি। এতে বোঝা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এটি যত উন্নত হবে তত ভালো। আমরা আরও উন্নত করার চেষ্টা করছি।

এপিবিএন সদস্যদের মারণাস্ত্র ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এপিবিএন’র রুলস এবং নরমাল পুলিশের রুলস এক না। যদি কখনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন তারা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধ করে। সবাই যুদ্ধ করবে কিন্তু তাদের সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করতে হয় এ জন্য তাদের হাতিয়ারটা অন্যান্য বাহিনীর থেকে একটু আলাদা।

তিনি আরও বলেন, প্রতি বাহিনীতেই যার যার কাছে অস্ত্র থাকবে। তবে মারণাস্ত্র বলতে যেটি বোঝায়, ভারী অস্ত্র এটি এপিবিএন সদস্যদের কাছে থাকবে।

সারাবাংলা/ইউজে/ইআ