Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্লট বরাদ্দে জালিয়াতি / শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

তিনি বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলার দিন ধার্য ছিল আজ। পাঁচ মামলায় আসামিদের গ্রেফতার করা সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জন পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। আসামিদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের আবেদন করি। পরে আবেদন মঞ্জুর করে আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

১০ কাঠার ওই সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগ এনে চলতি বছরের গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্তে পাওয়া আরও চারজনসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

অন্য আসামিরা হলেন- সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হক, (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, সাইফুল ইসলাম সরকার, কাজী ওয়াছি উদ্দিন ও শহীদ উল্লা খন্দকার।

দুদক জানায়, প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে জানুয়ারিতে ছয়টি মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। সব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে আসামিরা পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো