বাগেরহাট: জেলার চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চের সংলগ্ন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
গ্রেফতার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামে অবস্থিত সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দায় থাকা কাঁচের বক্স ভাঙচুর করেন ফায়জুল শেখ। পরে তিনি বক্সের ভেতরে সংরক্ষিত মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন। এ ঘটনায় চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং সাঁড়াশি অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যানুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর হয়েছে।