Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামচন্দ্রপুর খালটিকে আমাদের বাঁচাতে হবে: পরিবেশ উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৭:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালটিকে এবার টেকসইভাবে পরিচ্ছন্নকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, এ খালটিকে আমাদের বাঁচাতে হবে কারণ এই খালটিকে এ এলাকার প্রাণ বলা যায়। কিন্তু খালটি মনুষ্য বর্জ্যে চরমভাবে দূষিত হয়ে পড়ছিল। এখন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এটিকে পরিচ্ছন্ন ও দূষণমুক্তকরণের কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি পরিচ্ছন্ন পরিচ্ছন্নকরণের মাধ্যমে সামনে এ খালে স্বচ্ছ পানি প্রবাহিত হবে।

শনিবার (২১ জুন) ঢাকার আদাবরে রামচন্দ্রপুর খাল পরিচ্ছন্নকরণের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ খালটি পরিস্কার-পরিচ্ছন্নকরণের কাজ এবার যাতে টেকসই হয় সেজন্য একটা কর্ম-পরিকল্পনা নেওয়া হচ্ছে। অন্তত আগামী এক বছর স্থানীয় মানুষকে অন্তর্ভুক্ত করে এ কাজটা অব্যাহত রাখতে হবে যাতে করে একটা খাল সুন্দর হলে কেমন হয় এটাও মানুষ দেখতে পারবে।

তিনি বলেন, খালের সুন্দরটা দেখলে মানুষের মধ্যে খালটিকে রক্ষা করার একটা ইচ্ছা জাগবে। আর স্থানীয় জনগণকে যদি আমরা সম্পৃক্ত না করি তাহলে এটা কখনো টেকসই হবে না।

পানি সম্পদ উপদেষ্টা বলেন, এই খালে যেন বাসা-বাড়ির বর্জ্য ফেলতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এ জন্য স্থানীয় জনগণকে এখানে ডাস্টবিন দেওয়া হয়েছে তারা যেন ডাস্টবিনে ময়লা ফেলে।

রিজওয়ানা হাসান বলেন, রামচন্দ্রপুর খাল, সুভাঢ্যা খাল এ দুটিরই পরিচ্ছন্ন ও দূষণমুক্তকরণের কাজ আমরা শুরু করে দিয়েছি। এক্ষেত্রে জনগণকেও কিন্তু সচেতন হতে হবে।

তিনি বলেন, আপনার এখানে কেউ ময়লা নিতে আসবে না তাই বলে কি আপনি খালে বর্জ্য ফেলে দিবেন! এখন থেকে এখানে তা হতে দেওয়া যাবে না। আপাতত এ কাজটা পরিস্কার পরিচ্ছন্নতা দিয়ে শুরু হয়েছে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, রামচন্দ্রপুর খালকে যদি বাঁচাতে হয় তবে খালটির পাড় বাঁধাই, খনন, বর্জ্য ব্যবস্থাপনা, পয়োঃবর্জ্য ব্যবস্থাপনা সৌন্দর্য্যবর্ধন এসব অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত প্রকল্প আমাদের নিতেই হবে।

সারাবাংলা/এফএন/ইআ