Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে চুরির স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৬ ১৫:১৭

সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চুরির মামলায় অভিযান চালিয়ে স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রফিকুল ইসলাম রাকিবের বাড়িতে চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত ৮ অক্টোবর সদর মডেল থানায় মামলা করা হয়।

জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. এসলাম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডোমপাড়ার ভীম ডোম (১৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মাঝপাড়ার মো. শাহ জামালকে (৪০) গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, গ্রেফতারকৃত দু’জনের কাছ থেকে গত ৮ অক্টোবর এক জোড়া সোনার বালা, একটি সোনার চেইন ও একটি সোনার আংটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।