Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেবীগঞ্জের বাদশা মিয়া হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৮:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জের বাদশা মিয়া হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২০ জুন) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর মাটিকাটা বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১৩ ও র‍্যাব-১৪ এর যৌথ দল।

গ্রেফতার দুইজন হলেন- দেবীগঞ্জ উপজেলার নাটোকটোকা (ডাকুয়াপাড়া) এলাকার হাফিজ উদ্দিনের দুই ছেলে রুহুল আমিন (৩০) ও রবিন ইসলাম (২৫)।

র‍্যাব-১৩ ও দেবীগঞ্জ থানা সূত্র জানায়, ঘটনার দিন (১৫ জুন) বাদশা মিয়া তার বাড়ির আঙিনায় বাঁশের বেড়া বসাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী রুহুল আমিন, রবিন ইসলাম, হাফিজ উদ্দিন, রুবিনা বেগম এবং আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। তখন বাদশা মিয়ার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। এছাড়াও বাদীর ছোট ভাই সুলতান আলীর মেরুদণ্ড ভেঙে যায়, অপর ভাই সমশের আলী, ভাবী লিপি বেগম ও মা শেফালী বেগমও গুরুতর জখম হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সোমবার (১৬ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে সইজ উদ্দিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, র‍্যাবের সহযোগিতায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

সারাবাংলা/এসআর