Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে সুমন: পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৬ ১৪:২৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৯:৩২

কুমিল্লা: জেলার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।

তিনি জানান, গত বুধবার (৭ অক্টোবর) রাতে কুমিল্লা নগরের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে তাজমিন। তার গন্তব্য ছিল নগরের রেসকোর্স এলাকার বাসা। তবে গন্তব্যে না নিয়ে চালক সুমন তাকে অন্য পথে লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানখেতে নিয়ে যান।

বিজ্ঞাপন

তদন্তসংশ্লিষ্ট তথ্যের বরাত দিয়ে তিনি আরো জানান, ধানখেতে তাজমিন পালানোর চেষ্টা করলে তার সঙ্গে সুমনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাজমিন নিস্তেজ হয়ে পড়ে। তখন সুমন তাকে ধর্ষণ করে পরে তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাস্থলের পাশে অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যান তিনি।

হত্যাকাণ্ডের ঘটনায় সবচেয়ে হৃদয়বিদারক তথ্য হলো, চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় রাত ২টা ৫৮ মিনিটে বাবার হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার আকুতি জানিয়েছিল তাজমিন। কিন্তু গভীর রাতে ঘুমিয়ে থাকায় তার বাবা ওই বার্তা দেখতে পাননি।

পরদিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে অটোরিকশাচালক সুমনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম নগরে তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ আরও জানায়, গ্রেফতার সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে। তার মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করেও তদন্তসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকত সে। স্থানীয় ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল তাজমিন।

এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। গ্রেফতার সুমনকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর