Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউপি চেয়ারম্যান হত্যার আসামি ‘শুটার লালন’ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৭:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার আসামি লালন ওরফে শুটার লালনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় অভিযান চালিয়ে দৌলতপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তার লালন ফিলিপনগর গ্রামের রঞ্জু মালিথার ছেলে। তিনি টুকু ও গিট্টু সোহাগ বাহিনীর সক্রিয় সদস্য ও এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে অফিসে ঢুকে গুলি করে হত্যা করে টুকু বাহিনীর সদস্যরা। ওই ঘটনায় নিহত চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব কনক বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার আসামি লালনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/জিজি