Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: জেলার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোর ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ি ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোর সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও এক নারী নিহত হন—তিনজনই সিএনজির যাত্রী।

আহতদের মধ্যে রয়েছেন—নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), অটোচালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)।

বিজ্ঞাপন

স্থানীয়দের সহায়তায় আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ আরও একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অটো চালক মাহবুবুল হক বলেন, ‘লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে নাঙ্গলকোটগামী সিএনজিকে ধাক্কা দেয়। এই সময় আমি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির পিছনে ধাক্কা দেই। এতে ত্রিমুখি সংঘর্ষ হয়।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা গেছে। মৃত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকের ভিতরে সিএনজি ডুকে যাওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর