Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মসজিদের দানবাক্স খোলার ভিডিও সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ঐতিহাসিক বজরা শাহী মসজিদের দানবাক্স খোলার ভিডিও সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুম্মার নামাজের পর দানবাক্স খোলার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার হন গ্লোবাল টেলিভিশন’র ক্যামেরাম্যান মাহফুজুর রহমান ও স্টাফ রিপোর্টার আবু রায়হান সরকার, চ্যানেল ২৪’র নোয়াখালী জেলা প্রতিনিধি হাসিব আল আমিন, কালবেলা’র প্রতিনিধি শাহরিয়ার অরূপ এবং নোয়াখালী টিভি’র প্রতিনিধি মোহাম্মদ ফারুক।

হামলার শিকার মাহফুজুর বলেন, ‘আমরা কেবল দানবাক্স খোলার প্রক্রিয়াটা ধারণ করতে চেয়েছিলাম, যাতে জনগণের সামনে স্বচ্ছতা থাকে। হঠাৎ করেই কয়েকজন আমাদের ওপর চড়াও হয়, মারধর করে। আমরা হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ‘ঐতিহাসিক এই মসজিদের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। মসজিদের টাকা আল্লাহর আমানত। এখানে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে মানুষের মনে সন্দেহ তৈরি হবেই। সাংবাদিকদের মারধর করা ঠিক হয়নি।’

পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে তারা।

এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, ‘অনুমতি না নিয়ে সেনসিটিভ বিষয়ে ফুটেজ নেওয়া ঠিক না।‘

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি ‘বিষয়টি দেখবেন’ বলে জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর