Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উখিয়ায় সেহরির সময় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৭:১০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় সেহরির সময় রজিদা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) ভোররাতের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার রজিদা আক্তার পালংখালী ইউনিয়নের কেদারখোলা গ্রামের নূরুল বশরের মেয়ে এবং মোছারখোলা গ্রামের শফিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সেহরির সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রজিদা আক্তারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্বামী শফিক কাজের প্রয়োজনে বান্দরবানে অবস্থান করছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে পালংখালী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নূরুল হক জানান, এলাকাবাসীর কাছ থেকে তিনি এ হত্যাকাণ্ডের খবর পান। সেহরির সময় এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

তিনি জানান, এ হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর