কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বৃহস্পতিবার (৭ মে) র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গত মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় হুমায়ুন রশিদের বাড়ির উঠোনের সামনে অবস্থান নেয় র্যাব সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে হুমায়ুন রশিদ (২১) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককৃত হুমায়ুন রশিদ টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়ার মৃত খাইরুল বাশারের ছেলে বলে জানিয়েছে র্যাব।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, মাদকের করাল গ্রাস থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।