নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অপরাধে মো. নজরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (৬ মে) রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ওই এলাকার মমিন উল্লাহর ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে হাজীপুর এলাকায় মাদক ও অনলাইন জুয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ আসে। এমন অভিযোগ পাওয়ার পর রাতে সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্মার্টফোনে জুয়া খেলার সময় নজরুলকে হাতেনাতে আটক করা হয়। পরে তিনি অপরাধ স্বীকার করলে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারায় তাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, আটক যুবককে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জুয়া খেলা ও মাদক রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি দল অংশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।