ঢাকা: চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন (রোববার)। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে এদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই বাজেট অধিবেশন হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি তার প্রথম বাজেট পেশ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত বিএনপি সরকারেরও প্রথম বাজেট এটি। এটি হবে দেশের ৫৬তম জাতীয় বাজেট ঘোষণা।
ধারণা করা হচ্ছে, ১১ জুন (বৃহম্পতিবার) বাজেট ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত বছর (২০২৫-২৬ অর্থবছর) নির্বাচিত সংসদ না থাকায় একটি ব্যতিক্রমী উপায়ে বাজেট পেশ করা হয়েছিল। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেছিলেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রমতে, আগামী অর্থবছরের জাতীয় বাজেটের সম্ভাব্য আকার নির্ধারণ করা হয়েছে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এতে রাজস্ব বাজেট ২৫ হাজার কোটি টাকা বাড়ানো হলেও উন্নয়ন বাজেট প্রায় ৩০ হাজার কোটি টাকা কমানো হয়েছে।