ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার (৭ জুন)। বিকেল ৩টায় সংসদ ভবনের মূল কক্ষে এই অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন, যেখানে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে ৭ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আসন্ন এই অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে এবং সংসদ সদস্যরা এর ওপর বিস্তারিত আলোচনা করবেন।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, প্রতি বছর জুন মাসে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। আজ শুরুর মধ্য দিয়ে নতুন অর্থবছরের আর্থিক পরিকল্পনা নিয়ে সংসদীয় কার্যক্রম গতি পাবে বলে আশা করা হচ্ছে।