Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি আজ আ.লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি এখন আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে। সরকারে আসার পর বিএনপি সংস্কারবিরোধী অবস্থানে চলে গেছে।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সারাদেশে যখন রাজনৈতিক অস্থিরতার কালবৈশাখী ঝড় বইছে, তখন প্রতিকূল পরিবেশেও চট্টগ্রামে আন্দোলনের বসন্ত ধরে রাখা হয়েছে।’ এ জন্য তিনি চট্টগ্রামের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘আবু সাঈদ, মুগ্ধ ও চট্টগ্রামের সন্তান ওয়াসিম যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিলেন, বিএনপি আজ সেই আকাঙ্ক্ষা থেকে কেন পিছিয়ে আসছে? বিএনপি আজ আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে।’

বিজ্ঞাপন

বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৭ বছর ধরে যারা অর্থ, শ্রম ও জেল-জুলুম সহ্য করে দলটিকে টিকিয়ে রেখেছিলেন, তাদের অনেকেই এখন বঞ্চিত ও ব্যথিত। তাদের অনেকে বর্তমানে এনসিপিতে যোগ দিতে আগ্রহী বলেও দাবি করেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ঘরে ঘরে গিয়ে নীরব বিপ্লবের বার্তা পৌঁছে দিতে হবে। প্রকৃত সংস্কারপন্থি ও দেশপ্রেমিক ব্যক্তিদের এনসিপির পতাকাতলে আনতে হবে।

জুলাই আন্দোলনে চট্টগ্রামের নারীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নারীরা আন্দোলনে অসামান্য বীরত্ব দেখিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তাদের যথাযথ মূল্যায়ন ও রাজনৈতিকভাবে সংগঠিত করা সম্ভব হয়নি। তিনি নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকায় যখনই আন্দোলন থমকে যাওয়ার উপক্রম হয়েছে, তখনই চট্টগ্রাম থেকে তা নতুন গতি পেয়েছে।

বক্তব্যের শেষ দিকে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন না হলে নাহিদ ইসলাম রাজনীতি ছেড়ে দেবেন।’

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর