ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক ভিত আরও মজবুত করে তুলেছে।
শুক্রবার (৮ মে) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন। রাজধানীর বাংলা মোটরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, নতুন করে যোগদানকারীদের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি ডাক্তার, আইনজীবী এবং উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও পেশাজীবী রয়েছেন।
দলের কেন্দ্রীয় নেতারা নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। ধারাবাহিক এই যোগদানের ফলে মাঠ পর্যায়ে দলের শক্তি ও জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে নেতারা অভিমত ব্যক্ত করেন।
এ সময় জানানো হয়, এনসিপি’র প্রতি মানুষের এই আগ্রহ কেবল শুরু। শিগগিরই উত্তরার প্রায় সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক দলটির শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিক শক্তি’-তে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া সম্প্রতি ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় ৪ হাজার সদস্যের এনসিপিতে যোগদানের বিষয়টিও আলোচনায় উঠে আসে। দলের নীতিনির্ধারকদের মতে, তরুণ ও পেশাজীবীদের এই ব্যাপক অংশগ্রহণ দেশের রাজনৈতিক পটপরিবর্তনে এনসিপির অবস্থানকে আরও সুসংহত করবে।