ময়মনসিংহ: জেলার মুক্তাগাছায় জমিনপুর গ্রামে অনলাইনে জুয়ার টাকার ভাগাভাগির দ্বন্দ্বে আন্দালিফ রহমান রাফি (১০) এক মাদরাসা শিক্ষার্থী হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিখোঁজের একদিন পর শনিবার (৯ মে) দুপুরে সেপ্টিক ট্যাংকির ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফি মুক্তাগাছা শহরের রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ও জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোকন নামে এক ব্যক্তিকে আটক করেছে মুক্তাগাছা থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়ার জমিনপুর গ্রামের জহিরুলের সঙ্গে একই এলাকার খোকন মিয়ার অনলাইনে জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বে শুক্রবার (৮ মে) সন্ধ্যার সময় জহিরুলের ছেলে রাফিকে পাখির বাসা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খোকন মিয়া।
এরপর থেকে রাফিকে আর খজে পায়নি তার পরিবার। শনিবার দুপুরে খোকনকে নিয়ে সন্দেহ দেখা দিলে বাড়ির লোকজন খোকনের বাড়ির সেপ্টিক ট্যাংকের ভেতরে বস্তাবন্দি মরদেহ দেখতে পায়। পরে সেখান থেকে মুক্তাগাছা থানা পুলিশ রাফির মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর তার মরদেহ বস্তায় ভরে পায়খানার ট্যাংকির ভেতরে লুকিয়ে রাখা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে খোকন মিয়াকে পুলিশ আটক করেছে। তাকে জিঙ্গাসাবাদ চলছে।’