Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৩:৫৫ | আপডেট: ১১ মে ২০২৬ ১৪:০৪

ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারো শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সোমবার (১১ মে) সকাল ৯টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) রিয়েল টাইম তথ্য অনুযায়ী, ঢাকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। অন্যদিকে ভারতের রাজধানী দিল্লি এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আইকিউএয়ার-এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সোমবার সকালের সূচকে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৯৫।

মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর থাকলে সেই বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে ১৫৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল দিল্লি, যা নির্দেশ করছে সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

বায়ুর মান নির্ধারণের ক্ষেত্রে আইকিউএয়ার নির্দিষ্ট কিছু প্যারামিটার ব্যবহার করে থাকে। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোরের মাত্রা ০ থেকে ৫০ থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে গণ্য হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাস ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। বায়ুমানের স্কোর ৩০১ অতিক্রম করলে পরিস্থিতি ‘বিপজ্জনক’ বা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী বায়ুদূষণ চোখ ও ফুসফুসের ক্ষতির পাশাপাশি হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত কঠিন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণজনিত কারণে বছরে প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু হয়। বর্তমানে ঢাকার যে বায়ুমান পরিলক্ষিত হচ্ছে, তা সাধারণ নগরবাসীর স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন পরিবেশবিদরা।

সারাবাংলা/এফএন/ইআ