Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে প্রকাশ হলো ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৫:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহী জেলায় কবে থেকে গাছ থেকে আম পাড়া যাবে, তার ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। বাজারে যাতে কোনোভাবেই অপরিপক্ব আম ঢুকতে না পারে, সেটি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১১ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আম পরিবহণ, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, সকল প্রকার গুটি আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ বা লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া আম ১০ জুন, আম্রপালি বা ফজলি আম ১৫ জুন, বারি আম-৪ ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই এবং কাটিমন ও বারি আম-১১ পাড়া যাবে কোনো সময়।

বিজ্ঞাপন

সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি অফিসের সমন্বয়ে এই ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।

এ ছাড়া, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যেন অপরিপক্ব আম নামিয়ে বাজারজাত করতে না পারে, সেজন্যই এই ক্যালেন্ডার। এই নির্ধারিত সময়ের আগে কেউ আম নামালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মতবিনিময় সভায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর ও ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আম ব্যবসায়ী, চাষি এবং কুরিয়ার সার্ভিসের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর