ঢাকা: বিদেশে কাঁচা পাট রফতানির ক্ষেত্রে সরকারি রাজস্ব খাতের ফি পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কাঁচা পাট রফতানিতে প্রতি বেলে ফি দিতে হবে ৪ টাকা।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং তা বাস্তবায়নে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ২৭ এপ্রিল প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের সম্মতিক্রমে বিদেশে কাঁচা পাট রফতানির ক্ষেত্রে সরকারি রাজস্ব খাতের ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন হার অনুযায়ী, প্রতি বেল কাঁচা পাট রফতানিতে ৪ টাকা ফি প্রযোজ্য হবে।
এছাড়া, ২৬ জুন ২০২৫ তারিখে জারি করা পূর্বের প্রজ্ঞাপনে কাঁচা পাট রফতানির ক্ষেত্রে বেলপ্রতি ফি সংক্রান্ত অংশ বাতিল করা হয়েছে। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করার নির্দেশ দিয়েছে।