Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে ব্রাজিল সমর্থক বানিয়ে ফেসবুকে প্রচার, থানায় অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৬:০৮

ভুক্তভোগী আরজেন্টিনার সমর্থক অহিদুর রহমান অন্তু।

যশোর: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যশোরের কেশবপুরে এক আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করার অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।

কেশবপুর থানায় সোমবার (১৫ জুন) রাতে অভিযোগটি দায়ের করেন কেশবপুরের সদর ইউনিয়নের মূল গ্রামের অহিদুর রহমান ওরফে অন্তু। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

এ ঘটনায় আর্জেন্টিনার ওই সমর্থক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, ‘অভিযোগ পেয়ে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

অভিযোগে থেকে জানা যায়, এআইয়ের মাধ্যমে অহিদুরের গায়ে ব্রাজিলের জার্সি পরিয়ে দলটির সমর্থক বানানোর চেষ্টা চালানো হয়েছে। ফেসবুকে ‘রাসেল বাবু’ নামে একটি পেজ থেকে ধারাবাহিকভাবে এমন ছবি ছাড়া হয়েছে। কাজটি মানহানিকর দাবি করে অহিদুর জানান, বিষয়টি তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।

অহিদুর বলেন, তিনি আর্জেন্টিনার অন্ধ ভক্ত। অথচ তাকে ব্রাজিলের সমর্থক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তিনি অপমানিত বোধ করছেন। সামাজিকভাবেও হেয়প্রতিপন্ন হয়েছেন। সে কারণেই থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত রাসেল বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি এত জটিলভাবে নেওয়ার কিছু নেই। অহিদুর রহমান সম্পর্কে তার মামা। রাসেল নিজে ব্রাজিলের কঠিন সমর্থক বলে জানান।

তবে অহিদুরের ভাষ্য, এখানে সম্পর্কের কোনো বিষয় নেই। বিষয়টিকে তিনি ভালোভাবে নিচ্ছেন না।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর