Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি কেনায় ঋণ মিলবে ৮০ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট 
২৫ জুন ২০২৬ ১৯:৫৫

ঢাকা: দেশীয় মোটরযান শিল্পের বিকাশ এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত করতে ব্যক্তিগত গাড়ি ঋণের (অটো লোন) শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ ব্যক্তিগত গাড়ি কেনার ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে ইলেকট্রিক, হাইব্রিড এবং দেশীয়ভাবে উৎপাদিত যানবাহন কেনার জন্য ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, পরিবেশবান্ধব ও দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ-ইকুইটি অনুপাতও শিথিল করা হয়েছে। এ ধরনের যানবাহনের ক্ষেত্রে ব্যাংকগুলো মোট মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত অর্থায়ন করতে পারবে। অন্যদিকে সাধারণ অটো লোনের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৬০ শতাংশ অর্থায়নের সীমা বহাল থাকবে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ পদক্ষেপ পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশে মোটরযান উৎপাদন শিল্পের বিকাশেও সহায়ক হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, কনজিউমার ফাইন্যান্সিংয়ের আওতায় ঋণ প্রবৃদ্ধি কোনো ব্যাংকের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি হতে পারবে না। এ বিষয়ে পূর্বে জারি করা নির্দেশনা বাতিল করা হয়েছে।

একইসঙ্গে ব্যক্তিগত ঋণ ও দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য কেনার ঋণের মেয়াদও বাড়ানো হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো এ ধরনের ঋণের মেয়াদ সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত নির্ধারণ করতে পারবে। আগে এ ঋণের সর্বোচ্চ মেয়াদ ছিল ৫ বছর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পার্সোনাল লোন ও দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য ক্রয়ের ঋণের বর্ধিত সীমার সঙ্গে সামঞ্জস্য রাখতে কনজিউমার ফাইন্যান্সিংয়ের জন্য প্রুডেন্সিয়াল রেগুলেশনের সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, এ ধরনের ঋণের মেয়াদ কোনো অবস্থাতেই ৮ বছরের বেশি হবে না।

ব্যাংকারদের মতে, ঋণের পরিমাণ ও মেয়াদ বাড়ানোয় গ্রাহকদের জন্য গাড়ি ও অন্যান্য দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য কেনা সহজ হবে। বিশেষ করে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে বাড়তি অর্থায়ন সুবিধা পরিবেশবান্ধব প্রযুক্তির বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর