Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচণার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

স্টাফ করেসপন্ডেট
৩ আগস্ট ২০২৬ ১৬:১৯

অভিনেতা জাহের আলভী এবং তার স্ত্রী আফরা ইবনাত ইকরা। 

ঢাকা: স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন। সোমবার (৩ আগস্ট) সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এরও আগে, ১৮ জুন আইনজীবীর মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে ২৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

এ বছর ‘হচ্ছে না’ ইউপি নির্বাচন!
১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৩

আরো

সম্পর্কিত খবর