Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা জাহের আলভীর ২ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেট
২৪ জুন ২০২৬ ১৫:৩১

অভিনেতা জাহের আলভী।

ঢাকা: রাজধানীর মিরপুরে স্ত্রী আফরা ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোটো পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে দুইদিনের পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরাকে উদ্দেশ্য করে অপমানজনক ও মানসিকভাবে আঘাতমূলক পোস্ট করতেন। এ ছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগও তদন্তে উঠে এসেছে। মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়।

বিজ্ঞাপন

এর আগে, ১৮ জুন আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১ মার্চ মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করে স্বজনরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ঘটনার পর ইকরার মামা শেখ তানভীর আহমেদ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর