Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল গ্রহণ, জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০০

বিদিশা সিদ্দিক। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক সাজার বিরুদ্ধে আপিল করেছেন। তবে আপিল গ্রহণ করলেও জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে আপাতত তাকে কারাগারেই থাকতে হবে।

আসামিপক্ষের আইনজীবী মো. মাহমুদুল কবির জানান, সাজার বিরুদ্ধে করা আপিল আদালত গ্রহণ করেছেন। একই সঙ্গে আপিল বিচারাধীন অবস্থায় জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানিতে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভালের বিষয়টি তুলে ধরে মানবিক বিবেচনায় জামিনের আবেদন করা হলেও আদালত তা মঞ্জুর করেননি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে, গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

সাজা পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ আগস্ট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০০১ সালে রাজধানীর বারিধারার একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে ব্যবসায়ী মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে বিদিশার বিরুদ্ধে। পরে ফ্ল্যাট হস্তান্তর না করায় এবং টাকা ফেরত না দেওয়ায় বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার পরিবর্তে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। এরপর একাধিকবার টাকা বা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হলেও তা করা হয়নি। এমনকি দাবি আদায়ে চাপ দিলে বাদীকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে দায়ের হওয়া এ মামলার বিচার শেষে নিম্ন আদালত বিদিশাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। সেই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করেই তিনি এখন আপিল করেছেন।

 

সারাবাংলা/টিএম/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর