ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই গণহত্যার বিচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত না করে তাদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই আজ ইতালির ভেনিসে জুলাইযোদ্ধা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি এই চরম ক্ষোভ ও প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, দেশে বিচারহীনতা ও আপসের রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তিনি আরও বলেন, ইতালির ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এদিকে একই বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক মাধ্যমে লিখেছেন, যারা আপনাকে আক্রমণ করেছে তাদের আপনি বাঙালি ভাই হিসেবে সম্বোধন করলেও তারা মূলত খুনিদের দালাল ও বিবেকবোধ বিক্রি করে দেওয়া নরপশু। আজমেরী হক বাঁধন দেশের জন্য এবং দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য রাজপথে লড়াই করেছেন বলে পুরো জাতি আজ তাকে নিয়ে গর্বিত।