ঢাকা: রাজধানীর সায়দাবাদে দুই নারীর ঝগড়ায় জড়িয়ে একজনের ছেলের হাতে প্রাণ গেল আরেকজনের স্বামীর। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্কুর আলী নামে একজনের কিল-ঘুষির আঘাতে ফকির আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাসে হেল্পারের কাজ করতেন।
মঙ্গলবার (৮ সেপ্টেস্বর) সকাল ৯টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালে বাস মালিক সমিতির অফিসের সামনে এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে সায়দাবাদ করাতিটোলায় থাকতেন। তার বাবা বাসের হেল্পারের কাজ করতেন। পাশাপাশি দিনের বেলায় ভ্যান গাড়িতে করে শরবত বিক্রি করতেন। আর তার মা টুনি আক্তার সায়দাবাদে বাস মালিক সমিতির অফিসের সামনে বসে খিচুড়ি বিক্রি করেন।
তিনি আরও জানান, সকালে ওই সমিতি অফিসের সামনে ঝাড়ু দিচ্ছিলেন এক নারী। তখন ওই নারীর সঙ্গে তার মা টুনি আক্তারের তর্কাতর্কি হয়। পাশেই দাঁড়িয়ে ছিলেন তার বাবা ও সে নিজেও। দুই নারীর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ঝাড়ু দিতে আসা ওই নারীর ছেলে শুক্কুর আলী তেড়ে আসে। তখন শুক্কুরের সঙ্গে তার বাবা আলমগীরের হাতাহাতি বাধে। এক পর্যায়ে শুক্কুর আলী আলমগীরের বুকে এলোপাতাড়ি ঘুষি দেয়। এর পর আলমগীর রাস্তায় পড়ে গেলে সেখানে থাকা ভাঙা ইটের কোণা তার মাথার ভেতর ঢুকে যায়। তখন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিব জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খিচুড়ি বিক্রেতা ও পান বিক্রেতার মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মারামারিতে রাস্তায় পড়ে গিয়ে ওই ব্যক্তি মারা যান বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।