ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনকে ঘুষ, দুর্নীতি ও অন্যায়মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে ইসলামিক ফাউন্ডেশনে ইসলামের প্রকৃত চর্চা ছিল না। প্রতিষ্ঠানটিকে দলীয়করণ ও ‘মুজিবীকরণ’ করতেই ব্যস্ত রাখা হয়েছিল। এ অবস্থার আশু পরিবর্তন ও প্রতিষ্ঠানটির ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।
ইমাম ও মোয়াজ্জিনদের সার্বিক কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নিজস্ব উদ্যোগে ইমাম-মোয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা চালু করেছেন। পর্যায়ক্রমে সমগ্র দেশের ইমাম ও মোয়াজ্জিনদের এ ভাতার আওতায় আনা হবে।
হজযাত্রীদের সুবিধার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান সরকার হজের বিমানের টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বিশ্বের আর কোথাও সচরাচর দেখা যায় না। বিমান ভাড়া কমানোর পাশাপাশি হজযাত্রীদের সার্বিক সেবার মানও বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে।
বক্তব্য প্রদান শেষে ধর্মমন্ত্রী ফিতা কেটে মাসব্যাপী এই ইসলামী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, বায়তুল মোকাররম চত্বরে আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি মোট ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
ইসলামিক ফাউন্ডেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা ধর্মমন্ত্রীর
সিনিয়র করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:১০
১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:১০
সারাবাংলা/এনএল/এসআর