ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন- এমন খবর প্রকাশের প্রতিবাদ জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। সম্প্রতি দলটির সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার বৈঠক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এডভোকেট জুবায়ের বলেন, সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে যারা অসত্য তথ্য দিয়ে সংবাদ ছড়িয়েছেন এবং তা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা।
তিনি বলেন, ‘অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস সফল হবে না।’
জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের যথার্থতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার এবং বিভ্রান্ত না হওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।