চট্টগ্রাম: বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার মনজুর আলমের সন্তান মিমতা ও মোর্শেদ, তাদের মামা ফেরদৌস আলম ফিরোজ এবং মাইক্রোবাসচালক মুন্না। নিহত ফেরদৌস আলম ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের নুরজাহান মেডিকোর স্বত্বাধিকারী। তার বাড়ি পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসছিল। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি আহতরা সেখানেই চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’