Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভুয়া ওয়ারেন্টে গ্রেফতার ঠেকাতে সিডিএমএস যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০১

হাইকোর্ট। ফাইল ছবি।

ঢাকা: ভুয়া পরোয়ানা বা ওয়ারেন্ট দেখিয়ে নিরীহ নাগরিকদের গ্রেফতার ও হয়রানি বন্ধে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘কাউকে গ্রেফতারের আগে সেন্ট্রাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে সংশ্লিষ্ট ওয়ারেন্টের সত্যতা নিশ্চিত করতে হবে।’ একই সঙ্গে এ বিষয়ে অবিলম্বে একটি সার্কুলার জারি করে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি কে. এম. হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ. মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিজ্ঞাপন

রায়ে নালিশি বা সিআর মামলা দায়েরের ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দেশের সব জেলা জজ, মহানগর জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম), চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এবং অধস্তন আদালতের বিচারকদের কাছে একটি পরিপত্র পাঠাতে বলা হয়েছে।

পরিপত্রে নালিশি মামলা দায়েরের সময় বাদী ও সংশ্লিষ্ট আইনজীবীর পরিচয় নিশ্চিত করার বিষয়টি উল্লেখ থাকবে। একই সঙ্গে মামলার সঙ্গে বাদীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি এবং আইনজীবীর প্রফেশনাল পরিচয়পত্রের কপি সংযুক্ত করা নিশ্চিত করতে বলা হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, ‘কোনো নাগরিককে গ্রেফতারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিতে নির্ধারিত বিধানগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় হলে তা আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

আদালত বলেন, ‘ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে তার মৌলিক ও সাংবিধানিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। নাগরিকের এসব অধিকার সুরক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।’

আদালত আরও বলেন, ‘আদালতের প্রক্রিয়ার অপব্যবহার করে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সেজন্য মামলা দায়ের থেকে শুরু করে গ্রেফতার পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। কারণ ভুয়া মামলা বা বেআইনি গ্রেফতারের কারণে একজন নাগরিক যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েন, তা পরে কোনোভাবেই পুরোপুরি পূরণ করা সম্ভব নয়।’

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ ছারওয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জে. আর. খান রবিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মোহাম্মদ হুমায়ুন হোসেন তুহিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর