Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচারপতিদের নিরাপত্তা কমিয়ে জারি করা পরিপত্র হাইকোর্টে স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

ছবি: সংগৃহীত

ঢাকা: সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা কমিয়ে জারি করা পরিপত্রের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পরিপত্রটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে ১৩ সেপ্টেম্বর নিরাপত্তা কমিয়ে জারি করা ওই পরিপত্র বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ১০ জন আইনজীবীর পক্ষে আবেদনটি করেন।

বিজ্ঞাপন

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনকারীরা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, অ্যাডভোকেট মো. মিজানুল হক, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ শানেওয়াস, অ্যাডভোকেট ছাব্বির রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান।

আবেদনে গত ২৭ আগস্ট ২০২৬ জারি করা পরিপত্রটি বাতিলের আবেদন জানানো হয়। পরিপত্রটির স্মারক নম্বর ৪৪.০০.০০০০.০৪৪.০১.০১৪.২০২৫-৩৬১। রিটকারীদের দাবি, এটি বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এবং ‘বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য’ মামলায় আপিল বিভাগের দেওয়া রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

রিটে আরও বলা হয়, ২০২৫ সালের ২ মার্চ একই ধরনের একটি পরিপত্র জারি করা হয়েছিল। পরে ওই পরিপত্রের কার্যকারিতা ৬ মার্চ ২০২৫ সুয়োমোটো রুলে স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়। পরে ৯ মার্চ ২০২৫ ওই পরিপত্র বাতিল করা হয়।

রিটকারীদের অভিযোগ, আগের আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও নতুন করে নিরাপত্তা কমিয়ে পরিপত্র জারি করা হয়েছে। এতে বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘিত হয়েছে।

এ কারণে পরিপত্রটির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি এটিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা এবং আগের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়।