লক্ষ্মীপুর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া, আর সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু কাজ করা এবং কিছু দুর্নীতি করা। তবে এভাবে সমাজ চলতে পারে না।
তিনি বলেন, ‘আমরা চাই বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এমন এক সমাজ গড়ে তুলতে, যেখানে আমাদের সন্তানরা অর্থবহ ভবিষ্যৎ গঠন করতে পারবে।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ‘সমাজ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতি দমনের দায়িত্বও আমাদের দেওয়া হয়েছে। দুর্নীতি কে করে তা নির্দিষ্ট করে জানি না, তবে সমাজে দুর্নীতি বিদ্যমান। দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করতে না পারা পর্যন্ত আমাদের নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যেতে হবে। দুর্নীতি সবসময়ই কিছুটা থাকে, তবে তা নিয়ন্ত্রণে এনে প্রতিরোধ করাই আমাদের প্রধান দায়িত্ব।’
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেক-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।