ঢাকা: রাজধানীর মালিবাগের পর এবার আগারগাঁও বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন, মহাখালী ও যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মহাখালী ও আগারগাঁওয়ে এবং রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জানা যায়, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর বলেন, ‘সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে জানা যায় ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিত করে বিস্তারিত বলা যাচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে দেখছেন।‘
এর আগে, আজ শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। ওই ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ যাচাই–বাছাই করা হচ্ছে।’