Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফগানিস্তান টেস্টের দলে হৃদয়-জাকের, নেই তাসকিন-রানা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৪

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই ম্যাচের স্কোয়াডে ফিরেছেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে আলোচনায় থাকা হৃদয়কে দলে ফেরানো হয়েছে, অন্যদিকে জাকের আলী অনিকও জায়গা করে নিয়েছেন টেস্ট স্কোয়াডে।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি। নতুন করে জায়গা পাওয়ায় বাদ পড়েছেন অমিত হাসান। এ ছাড়া পেসার তাসকিন আহমেদকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।

টেস্ট দলে হৃদয় ঢুকেছেন দারুণ এক পারফরম্যান্সের পর। জিম্বাবুয়ের বিপক্ষে গত জুনে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়া সফরের দলে ছিলেন না এই ডানহাতি ব্যাটার। তবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সাড়ে তিনশ রানের ইনিংস খেলে আবারও টেস্ট দলের দরজা খুলেছেন তিনি।

বিজ্ঞাপন

অমিত হাসানও জিম্বাবুয়ের বিপক্ষে হৃদয়ের সঙ্গে টেস্ট অভিষেক করেছিলেন। অস্ট্রেলিয়া সফরেও ছিলেন তিনি। এবার তার জায়গায় জাকের আলিকে নেওয়া হয়েছে। ‘এ’ দলের হয়ে জাকেরের পারফরম্যান্স বিবেচনায় তাকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

চোট থেকে পুরোপুরি ফেরার প্রক্রিয়ায় থাকা নাহিদ রানাকে রাখা হয়নি আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে। প্রধান নির্বাচক জানিয়েছেন, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদকে দলে রাখার পরিকল্পনা রয়েছে।

পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে যথারীতি নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

মূল স্কোয়াডের বাইরে তিনজনকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে নেওয়া হচ্ছে। তারা হলেন অফস্পিনার নাঈম হাসান এবং দুই তরুণ পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন। সংযুক্ত আরব আমিরাতে ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

ট্রাভেলিং রিজার্ভ: নাঈম হাসান, মুসফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর