সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় আরও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সদর থানায় মামলাটি করেন আহত জামায়াত নেতা আব্দুস সবুর শেখের স্ত্রী শোহর ভানু।
মামলার এজাহারে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ সয়দাবাদ ইউনিয়নের আল-আমিন, সোহাগ, হাসান শেখ, পারভেজ, জুলমাত আলী, হাসান আলী, সানিল, দুলাল শেখ ও আলভী শেখের নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ৮ দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী স্লোগান দেন। এ সময় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে কয়েকজন এসে আব্দুস সবুর শেখ ও নূরুন্নবীকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে।
আহত দুজনকে সদর হাসপাতালে নেওয়া হলে আব্দুস সবুরের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, রাতেই অভিযোগ পাওয়া যায়। সকালে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।