চট্টগ্রাম: চট্টগ্রামের ফয়’স লেক রিসোর্টে সম্প্রতি নগরীর অন্যতম জনপ্রিয় পর্যটন ও বিনোদনকেন্দ্র কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড এবং কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ফয়’স লেক কমপ্লেক্সে আসা দর্শনার্থীদের জন্য কিষোয়ান স্ন্যাক্সের বিভিন্ন মসলা ও খাদ্যপণ্য ব্যবহার করে খাবার প্রস্তুত করা হবে।
এর ফলে খাবারের গুণগত মান, স্বাদ ও বৈচিত্র্য আরও সমৃদ্ধ হবে এবং দর্শনার্থীরা ফয়’স লেকে উপভোগ করতে পারবেন নতুন ও উন্নতমানের খাবার। এছাড়াও চুক্তির আওতায় ফয়’স লেক থিম পার্কে কিষোয়ান স্ন্যাক্সের বিভিন্ন পণ্যের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।
সমঝোতা চুক্তিতে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে সই করেন প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার এবং কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের পক্ষে সই করেন জেনারেল ম্যানেজার (প্রশাসন ও বাণিজ্য) কফিল উদ্দিন চৌধুরী।
চুক্তি সই অনুষ্ঠানে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে ফয়’স লেকে দর্শনার্থীরা খাবার ও ব্র্যান্ড অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন মাত্রা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই কৌশলগত অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক ব্যবসায়িক সম্ভাবনা ও ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
চুক্তি সই অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (বিপণন) উজ্জ্বল কুমার বসাক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিপণন) মনোয়ার হোসেন রনি এবং ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) অভিজিৎ পাল। কিষোয়ান স্ন্যাক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জহির উদ্দিন মজুমদার, ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মাহমুদুর রহমান, অফিসার (ব্র্যান্ড) ফারিয়াল কবির।