ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ শেষে মিছিলটি বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। ক্ষমতা গ্রহণের সাত মাসের মধ্যে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে দ্রব্যমূল্যসহ সবকিছুর দাম বেড়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরাসরি জনগণের ওপর প্রভাব ফেলে। সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে এ সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমেছে, ভবিষ্যতে গ্রামগঞ্জ থেকেও মানুষ ঢাকামুখী হতে পারে।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, গভীর রাতে প্রতি লিটার তেলের দাম ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সাত মাসে তিনবার দাম বাড়িয়ে সরকার জনগণের ওপর ভোগান্তির বোঝা চাপিয়েছে। তিনি অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহনসহ প্রতিটি খাতে এর প্রভাব পড়ে। তার অভিযোগ, জনগণের কথা বিবেচনা না করে সরকার দফায় দফায় তেলের দাম বাড়াচ্ছে।
ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান করতে না পারলে সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত। তিনি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানান।
সমাবেশের সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, তেলের দাম বাড়ানোর ফলে দ্রব্যমূল্য আরও বাড়বে এবং জনজীবনে মারাত্মক প্রভাব পড়বে। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কারণ দেখিয়ে সরকার তেলের দাম বাড়ালেও দেশের বড় সমস্যা সিন্ডিকেট, দুর্নীতি ও অব্যবস্থাপনা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।