Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

মনে হচ্ছিল ক্রিকেটের আলোচিত একটা ঘটনা ঘটতে যাচ্ছে আজ! টি-টোয়েন্টি ম্যাচে জাপানের বিপক্ষে হারের কাছাকাছি চলে গিয়েছিল ভারত। শেষ ৮ বলে জাপানের প্রয়োজন ছিল ৮ রান। সেখান থেকে শেষ পর্যন্ত মাত্র ২ রানের মান বাঁচানো জয় পেয়েছে ভারত!

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের এই ম্যাচটা আয়োজন করা হয়েছে। এশিয়ান কাপের আগে দুই দলের প্রস্তুতিতেও বড় ভূমিকা রাখতে পারত ম্যাচটা। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে মাত্র ৫ ওভারে। আগে ব্যাটিং করে ৫ ওভারে ৩২ রান তোলে ভারত। পরে জাপান থেমেছে ৩০ রানে!

জাপানের সানোতে এশিয়ান গেমসের আগে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। জাপানি বোলারদের সামনে ভারতের ব্যাটিং লাইনআপ ছন্দ খুঁজে পায়নি। মাত্র ৮ বলের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন। ইশান কিশানও বড় কোনো অবদান রাখতে পারেননি।

বিজ্ঞাপন

একপ্রান্তে দাঁড়িয়ে লড়াইয়ের পুঁজি এনে দেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১২ বলে ১৬ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত পাঁচ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩২ রান। পুরো ইনিংসে ভারতীয় ব্যাটাররা বাউন্ডারি পেয়েছেন কেবল দুটি।

এমন ছোট লক্ষ্য পেয়ে জাপানও শুরুতে চাপের মুখে পড়ে। অক্ষর প্যাটেলের প্রথম ওভারেই উইকেট হারায় তারা। এরপর ভারতের বোলিং আক্রমণে স্পিনের ওপরই নির্ভর করেন অধিনায়ক শ্রেয়াস।

জাপানের অধিনায়ক কেন্ডাল কেডোওয়াকি-ফ্লেমিং ১২ বলে ১২ রান করে দলকে লড়াইয়ে রাখেন। জিততে শেষ ৮ বলে জাপানের করতে হতো ৮ রান। কিন্তু এই রান করতে পারেনি সেভাবে ক্রিকেটে শক্ত প্রতিপক্ষ না হয়ে উঠা জাপান। অক্ষর প্যাটেলের করা শেষ ওভার থেকে ৫ রানের বেশি নিতে পারেনি জাপান। ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানেই থেমে যায় জাপানের ইনিংস।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর