ঢাকা: ২০১২ সালের একটি হত্যা মামলা ও ২০২৩ সালে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পৃথক দুই মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়। পরদিন ২৮ এপ্রিল পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় অন্তত ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় এরই মধ্যে কয়েক দফা তাকে রিমান্ডে নেওয়ার আদেশও দিয়েছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা শামীম মোল্লা নিহত হন। এ ঘটনায় গত বছরের ১৪ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করেন ছাত্রদলের সাবেক এক নেতা। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করা হয়। এতে কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমের নামও রয়েছে।
ওই মামলায় গত ২৮ এপ্রিল জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।