Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মরিয়মের আত্মহত্যা: আরও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৪

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

ঢাকা: দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আরও ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুলকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২১ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মরিয়মকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। তার মরদেহের ওপর একটি চিঠিও পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে বলেন, মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনার সঙ্গে কারও প্ররোচনা বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিশ্চিত হতে গাজী নজরুল ইসলামকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, এর আগে জিজ্ঞাসাবাদে গাজী নজরুল মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং অভিমান ও পারিবারিক বিভিন্ন কারণে আত্মহত্যা করেছেন বলে তথ্য দিয়েছেন। তবে ওই বক্তব্যের সত্যতা যাচাই এবং মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর