ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন, দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
সম্প্রতি রাজধানীতে এক প্রতিবাদ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘সরকার আমাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।’ তার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ মিয়া বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি এই বক্তব্যটা কেন দিয়েছেন। আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নাকি অন্য কেউ আছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবে।’
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এনসিপির সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী মূলত বোঝাতে চেয়েছেন, সরকারের কাছে করা দাবিগুলো পূরণ হলে নিষিদ্ধ সংগঠনের কেউ মাঠে নামার সাহস পাবে না। কারণ, তাদের বিচার নিশ্চিত হবে। এরপর মাঠে নেমে ককটেল বিস্ফোরণ ঘটালে আইন অনুযায়ী শাস্তি হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মাঠে নামারও কেউ থাকবে না, এই অর্থেই তিনি বক্তব্যটি দিয়েছিলেন।